মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে ইসলামি প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ভাষায় সতর্কবার্তা উচ্চারণ করেছে। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে মার্কিন সেনা ও তাদের সামরিক সরঞ্জাম ধ্বংস করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের এক কমান্ডার।
ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এক বিবৃতিতে বলেন, কোনো সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও স্বার্থ ইরানের বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি দাবি করেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা যথেষ্ট শক্তিশালী এবং দেশটির জনগণ সম্ভাব্য আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।
জেনারেল শেকারচি আরও উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক বক্তব্য মূলত মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি ও ভয় প্রদর্শনের কৌশল। তার ভাষ্য অনুযায়ী, ইরান যুদ্ধ চায় না এবং কোনো ধরনের উসকানিও দিচ্ছে না। তবে যুক্তরাষ্ট্র অবিবেচক পদক্ষেপ নিলে কঠোর ও নজিরবিহীন প্রতিক্রিয়া জানানো হবে।
এর আগে ট্রাম্প এক বক্তব্যে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির আগ্রহ প্রকাশ করলেও সতর্ক করে বলেন, চুক্তি না হলে পরিস্থিতি ইরান ও তার জনগণের জন্য ‘খুবই খারাপ’ হতে পারে। তিনি আরও দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করার সামর্থ্য যুক্তরাষ্ট্রের রয়েছে এবং মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী।
সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক ঘিরে নানা জল্পনা চলছে। বিশ্লেষকদের মতে, শেকারচির এই বক্তব্য চলমান উত্তেজনার মধ্যেই ইরানের শক্ত অবস্থান তুলে ধরার কূটনৈতিক বার্তা।
কী-ওয়ার্ডস:ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা,মধ্যপ্রাচ্য সংঘাত,সামরিক হুমকি