সোমবার, মে ২৫, ২০২৬

অর্থনীতি ঘুরে দাঁড়াতে করনীতি সংস্কার ও বিনিয়োগে জোর: আমীর খসরু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২৭ ২১:১৮:২৭
ছবি: সংগৃহীত।

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর কাঠামো শক্তিশালী করে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়, তাই দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার জোর দিচ্ছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম–এর পতেঙ্গায় একটি হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে আসন্ন বাজেটের অগ্রাধিকার খাত হিসেবে উল্লেখ করেন মন্ত্রী।
বিকেল ৩টার দিকে তিনি বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেন। পতেঙ্গায় সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে অধিগ্রহণকৃত ১৪ দশমিক ২১৯০ একর এবং ২ দশমিক ৭ একর জমি সরেজমিনে ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান জমির ভৌগোলিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
এ সময় বানৌজা উল্কার অধিনায়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এর প্রতিনিধি, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ডসঃঅর্থনীতি পুনরুদ্ধার,বিনিয়োগ,পতেঙ্গা হাসপাতাল


এ জাতীয় আরো খবর