সোমবার, মে ২৫, ২০২৬

১৬ বছরে লিগ্যাল এইডে সহায়তা পেলেন প্রায় ১৪ লাখ বিচারপ্রার্থী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২৭ ১১:১০:২৫
ফাইল ছবি

সরকারি খরচে পরিচালিত আইনি সহায়তা কর্মসূচির আওতায় গত ১৬ বছরে ১৩ লাখ ৭৪ হাজার ১৩৩ জন অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থী সেবা পেয়েছেন। এ তথ্য প্রকাশ করেছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা।
সংস্থার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময়ে মোট ৪ লাখ ৫৪ হাজার ৪৮৮টি মামলায় আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ১৭৩ জন সেবা পেয়েছেন। দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ১১ লাখ ১৮ হাজার ৩৭০ জন। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৮২৯ জনকে সেবা দেওয়া হয়েছে।
সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইনের টোল-ফ্রি নম্বরে কল করে ১ লাখ ৯৫ হাজার ৭৬১ জন প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা গ্রহণ করেছেন।
‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে আর্থিকভাবে অসচ্ছল নাগরিকদের জন্য এ সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কী-ওয়ার্ডস:লিগ্যাল এইড,বিনামূল্যে আইনি সহায়তা,ন্যায়বিচার


এ জাতীয় আরো খবর