বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

চেন্নাইয়ে রানের ঝড়,জিম্বাবুয়েকে উড়িয়ে সেমির লড়াইয়ে টিকে ভারত

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০২-২৬ ২৩:২১:২৮
ছবি: সংগৃহীত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে দাপুটে জয় তুলে নিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল ভারত। বৃহস্পতিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়াম-এ জিম্বাবুয়ে-কে ৭২ রানে হারিয়েছে স্বাগতিকরা।
এই জয়ে ভারতের সেমিফাইনালের আশা বেঁচে থাকলেও জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হয়েছে। সুপার এইটে আগেই ওয়েস্ট ইন্ডিজ-এর কাছে হারার পর ভারতের বিপক্ষেও পরাজয় তাদের ছিটকে দিয়েছে টুর্নামেন্ট থেকে।

২৫৬ রানের পাহাড়
টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে রানের বন্যা বইয়ে দেন ভারতীয় ব্যাটাররা। অভিষেক শর্মা ৩০ বলে ৫৫ রান করেন (৪ চার, ৪ ছক্কা)। হার্দিক পান্ডিয়া মাত্র ২৩ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন (২ চার, ৪ ছক্কা)।
শেষদিকে তিলক ভার্মা ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থেকে ইনিংসে গতি যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত।

বেনেটের লড়াই ব্যর্থ
২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৮৪ রানেই থামে তাদের ইনিংস। ওপেনার ব্রায়ান বেনেট ৫৯ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা। অধিনায়ক সিকান্দার রাজা ২১ বলে ৩১ রান করেন।
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কোণঠাসা হয়ে পড়েছিল ভারত। তবে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় তাদের সেমিফাইনালের লড়াইয়ে ফিরিয়ে এনেছে। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচেই নির্ধারিত হবে শেষ চারের ভাগ্য।

কী-ওয়ার্ডস:ভারত জিম্বাবুয়ে ম্যাচ,সুপার এইট বিশ্বকাপ,চেন্নাই টি-টোয়েন্টি


এ জাতীয় আরো খবর