শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

দুইবারের মুকুটে ইতিহাস,যুবাদের বিজয়ে উচ্ছ্বাসে ভাসল বাংলাদেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-০৫ ১০:১৩:৪৪
ছবি: সংগৃহীত।

দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে নতুন ইতিহাস লিখে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয়ের মাধ্যমে এই গৌরব অর্জনের পর দেশে ফিরেছে চ্যাম্পিয়ন যুবারা, যাদের বরণ করে নিতে রাজধানীজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ট্রফি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দল। বিমানবন্দরে তাদের স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফুলেল শুভেচ্ছা ও করতালিতে উষ্ণ অভ্যর্থনা পায় দেশের এই তরুণ বীররা।
বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই ফুটবলারদের তোলা হয় সুসজ্জিত ছাদখোলা বাসে। রাজধানীর প্রধান সড়কগুলোতে তখন উপচে পড়া জনস্রোত-শত শত ফুটবলপ্রেমী হাতে জাতীয় পতাকা নিয়ে প্রিয় খেলোয়াড়দের এক নজর দেখতে ভিড় করেন। বিজয়ের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পথ। খেলোয়াড়রাও বাসের ওপর থেকে হাত নেড়ে সেই ভালোবাসার জবাব দেন।
এর আগে এক বার্তায় বাফুফে জানিয়েছিল, এই অর্জন শুধু দলের নয়, পুরো জাতির গর্ব। দেশবাসীকে শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়নদের উৎসাহিত করার আহ্বান জানানো হয়। সেই আহ্বানে সাড়া দিয়েই রাজধানীতে তৈরি হয় এক বিরল উচ্ছ্বাসের আবহ।
এই জয় দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলেও প্রত্যাশা তাদের।

কী-ওয়ার্ডস: বাংলাদেশ যুব ফুটবল,সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন,ভারতের বিপক্ষে জয়


এ জাতীয় আরো খবর