চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি ভাড়া বাসায় বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
দগ্ধরা হলেন মোটরপার্টস ব্যবসায়ী শাখাওয়াত হোসেন (৪৭), তার স্ত্রী নুর জাহান আক্তার রানী (৪০), ছেলে শাওন (১৭), মেয়ে আয়মন (৮), ভাই ও পর্তুগালপ্রবাসী সামির আহামেদ সুমন (৪০), সুমনের স্ত্রী পাখি আক্তার (৩৫), তাদের ছেলে আনাছ (৮), মেয়ে আয়েশা (৪) এবং ব্যবসায়ীর আরেক ভাই শিপন (২৫)। তাদের মধ্যে নুর জাহান আক্তার রানীর মৃত্যু হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, হালিশহর এইচ ব্লকের একটি আটতলা ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে বসবাস করতেন শাখাওয়াত হোসেন। তার পর্তুগালপ্রবাসী ভাই গত ৪ ফেব্রুয়ারি দেশে এসে গত বুধবার চট্টগ্রামের ওই বাসায় পরিবারের সঙ্গে বেড়াতে যান।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সদস্যরা সেহরি শেষ করে ডাইনিং টেবিলে বসা ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সবাই দগ্ধ হন। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, আহত আটজনের অবস্থাই আশঙ্কাজনক। শাখাওয়াত হোসেন ও পাখি আক্তারের শরীরের শতভাগ দগ্ধ হয়েছে। এছাড়া শিপনের ৮০ শতাংশ, সামির আহামেদ সুমনের ৪৫ শতাংশ, আয়েশার ৪৫ শতাংশ, শাওনের ৫০ শতাংশ, আয়মনের ৩৮ শতাংশ এবং আনাছের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
কী-ওয়ার্ড: চট্টগ্রাম বিস্ফোরণ, হালিশহর দগ্ধ, বার্ন ইনস্টিটিউট