নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইতোমধ্যে প্রতিবেশী ভারত, পাকিস্তান, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। তবে প্রথম বিদেশ সফরে তিনি কোন দেশকে বেছে নেবেন-তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কূটনৈতিক সূত্রের ইঙ্গিত, প্রধানমন্ত্রী সম্ভাব্যভাবে ভুটান দিয়ে তার প্রথম বিদেশ সফর শুরু করতে পারেন। এরপর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলো সফরের পরিকল্পনা রয়েছে।
সূত্রগুলো বলছে, ভুটান সফরের পর প্রধানমন্ত্রী ভারতের সফরে যেতে পারেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে ব্যাপক গুঞ্জন শোনা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক জানান, আলোচনার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে ভুটানই হতে পারে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য, এরপর ভারত সফরের সম্ভাবনা বেশি।
উল্লেখ্য, ভুটান স্বাধীন রাষ্ট্র হিসেবে সবার আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। সে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় প্রথম সফরের ক্ষেত্রে দেশটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে, ভারত, পাকিস্তান ও চীনসহ একাধিক দেশের আমন্ত্রণ ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলে পৌঁছেছে।
কী-ওয়ার্ড: প্রধানমন্ত্রীর বিদেশ সফর, ভুটান সফর সম্ভাবনা, কূটনৈতিক তৎপরতা