বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরচিফ প্রসিকিউটর পদে পরিবর্তন,দায়িত্বে অ্যাডভোকেট আমিনুল ইসলাম

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২৩ ১৫:৫২:৪১
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে অপসারণ করা হয়েছে। তার পরিবর্তে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার স্বার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে তাজুল ইসলামের পূর্বের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। তার নেতৃত্বে গত দেড় বছরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। বর্তমানে এসব মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল-১ ও ২-এ চলমান রয়েছে। এর মধ্যে তিনটির রায় ঘোষণা হয়েছে।
রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা সহ আরও দুটি মামলা। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণার কথা রয়েছে।
নতুন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দীর্ঘদিন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিডিআর হত্যাকাণ্ড মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিত।

কী-ওয়ার্ড: আইসিটি চিফ প্রসিকিউটর, আমিনুল ইসলাম নিয়োগ, মানবতাবিরোধী অপরাধ মামলা


এ জাতীয় আরো খবর