বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

১৬–১৭ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের সিদ্ধান্ত,পরিপত্র জারি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২২ ২১:২১:৩৯
ফাইল ছবি

দেশে বসবাসরত ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই জাতীয় পরিচয় নিবন্ধনের সুযোগ পাচ্ছে কিশোর বয়সী নাগরিকরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পরিপত্রে উল্লেখ করা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হতে যাচ্ছে, তারা এখন থেকেই এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন কেবল ১৮ বছর পূর্ণ হওয়ার পর।
এর আগে এনআইডি ও ভোটার তালিকা একসঙ্গে প্রস্তুত করার কারণে শুধুমাত্র ১৮ বছর বয়স পূর্ণ হলে এনআইডি কার্ড প্রদান করা হতো। ইসির কর্মকর্তারা বলছেন, আগাম নিবন্ধনের ফলে ভবিষ্যতে ভোটার তালিকা হালনাগাদ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ আরও সহজ হবে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী কয়েক বছরে এনআইডি ডাটাবেস আরও বিস্তৃত ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।

কী-ওয়ার্ড: এনআইডি নিবন্ধন, ১৬–১৭ বছর, নির্বাচন কমিশন


এ জাতীয় আরো খবর