যুক্তরাষ্ট্র-এর সুপ্রিম কোর্ট আগের শুল্ক কর্মসূচিকে অবৈধ ঘোষণা করার পর আরও কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক আমদানির ওপর শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দেওয়া এই ঘোষণার তথ্য প্রকাশ করেছে রয়টার্স। এর আগে শুক্রবার উচ্চ আদালতের রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প সব আমদানির ওপর তাৎক্ষণিক ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন।
বর্তমান আইন অনুযায়ী, একজন মার্কিন প্রেসিডেন্ট সর্বোচ্চ ১৫০ দিনের জন্য ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন। সেই ক্ষমতা প্রয়োগ করেই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ বাণিজ্যে ঠকিয়েছে এবং এখন আইনসম্মত সর্বোচ্চ শুল্কহার কার্যকর করা হবে।
এর আগে সুপ্রিম কোর্ট ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) প্রয়োগ করে আরোপিত শুল্ক বাতিল করে দেয়। আদালতের মতে, ওই আইন প্রেসিডেন্টকে এভাবে ঢালাও পাল্টা শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। পরে ১৯৭৪ সালের বাণিজ্য আইন ব্যবহার করে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়, যা এখন বাড়িয়ে ১৫ শতাংশে উন্নীত করা হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, নতুন শুল্কহার আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এই ১৫০ দিনের মধ্যে প্রশাসন স্থায়ী ও আইনগতভাবে গ্রহণযোগ্য নতুন শুল্ক কাঠামো প্রণয়নের কাজ সম্পন্ন করবে বলেও জানিয়েছেন ট্রাম্প।
কী-ওয়ার্ড: ট্রাম্প শুল্ক,সুপ্রিম কোর্ট রায়,বৈশ্বিক বাণিজ্য