তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সাংবাদিক সমাজকে প্রতিশ্রুতি দিয়ে ঘোষণা করতে চান-সরকার একটি ভয়ভীতি-মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করবে।
শনিবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হয় সাংবাদিকদের বন্ধু, নয়তো শত্রু হিসেবে বিবেচিত হন-তাই একটি নিরাপদ ও স্বাধীন পরিবেশ গড়ে তোলা জরুরি।
মন্ত্রী বলেন, বাংলাদেশে অতীতে অবাধ নির্বাচন হয়নি দাবি করে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অবাধ ও বিতর্কমুক্ত নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছেন। নির্বাচন নিয়ে কোনো কারচুপি বা প্রশ্ন ওঠেনি বলেও তিনি দাবি করেন।
‘আই হ্যাভ এ প্ল্যান’-প্রধানমন্ত্রীর এই পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। নারী অধিকার, প্রতিটি পরিবারে কার্ড পৌঁছে দেওয়া, বেকারদের কর্মসংস্থান, কৃষকদের জন্য ঋণ মওকুফ ও কৃষক কার্ড প্রদানসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের অবকাঠামোগত পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে, যাতে জোয়ার-ভাটার নদীর পানি কৃষিজমিতে পৌঁছানো যায়। এছাড়া ভোলার গ্যাস পূর্ণাঙ্গভাবে উত্তোলন করা গেলে দেশের জ্বালানি চাহিদা পূরণ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দক্ষিণাঞ্চলের উন্নয়নে পায়রা বন্দর-কে রাজধানীর সঙ্গে চার লেন সড়কে যুক্ত করার প্রস্তুতির কথাও জানান মন্ত্রী। একই সঙ্গে কুয়াকাটা-কে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর এবং সরাসরি বিমান চলাচলের ব্যবস্থা চালুর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য লক্ষ্য অর্জনে কাজ করছে।
অনুষ্ঠান শেষে তিনি বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি গণমাধ্যমের কাঠামোগত পরিবর্তন, প্রযুক্তির প্রভাব ও জ্ঞানভিত্তিক রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
পরে তিনি তাঁর নির্বাচনী এলাকা গৌরনদী-আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
কী-ওয়ার্ড: সাংবাদিকতার স্বাধীনতা,উন্নয়ন পরিকল্পনা,বরিশাল সফর