ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়–এ অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সহনশীলতা বৃদ্ধি এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে সম্প্রীতি রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পুরোনো অনেক কর্মকর্তা-কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বলায় সেখানে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।
এদিন প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
কী-ওয়ার্ড: ধর্মীয় সম্প্রীতি,প্রধানমন্ত্রীর বৈঠক,তেজগাঁও