বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২০ ১০:৫৮:৫৮
ফাইল ছবি

অমর একুশে ফেব্রুয়ারি-মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-আগামীকাল পালিত হবে। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হচ্ছে এদিন। রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দিবসের সূচনা হবে আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। একুশের প্রভাতে সর্বস্তরের মানুষ কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থান-এ ভাষা শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন।
দিবসটি উপলক্ষে রাজধানীজুড়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে বিশ্বজুড়ে দিনটি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। বাঙালি জাতির কাছে একুশে ফেব্রুয়ারি যেমন শোক ও বেদনার দিন, তেমনি মাতৃভাষার অধিকার আদায়ে আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
১৯৫২ সালের এই দিনে তৎকালীন পূর্ববাংলায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রসমাজ ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে ভাষার অধিকার প্রতিষ্ঠার প্রেরণা।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দিনটি সরকারি ছুটি। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজিমপুর কবরস্থানে ফাতেহা পাঠ ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের মসজিদ, মন্দিরসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও গণমাধ্যমে প্রচার করা হবে একুশের বিশেষ অনুষ্ঠানমালা।

কী-ওয়ার্ডস: একুশে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলন, শহীদ মিনার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


এ জাতীয় আরো খবর