শুক্রবার, মার্চ ৬, ২০২৬

নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ, তারেক-শফিকুর বৈঠকে ঐক্যের বার্তা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৫ ২০:০৭:০০
ছবি: সংগৃহীত।

দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবেশ তৈরির বার্তা দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী দলের শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান–এর বাসভবনে যান তিনি।
জামায়াত আমির নিজ বাসভবনে ফুলের তোড়া দিয়ে বিএনপি চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান। উভয় নেতা কুশল বিনিময় করেন এবং সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সন্ধ্যা ৭টা ৫৯ মিনিটে ডা. শফিকুর রহমানের বাসা থেকে বের হন তারেক রহমান। এর আগে তিনি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি, আর দ্বিতীয় সর্বোচ্চ আসন অর্জন করেছে এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই সাক্ষাৎকে সৌজন্য ও রাজনৈতিক সংলাপের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এর আগে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমান সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কোথাও ভুল বোঝাবুঝি হয়ে থাকলেও তা যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়-এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সব দলকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

কী-ওয়ার্ডস: তারেক-শফিকুর বৈঠক, নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ, রাজনৈতিক ঐক্যের বার্তা


এ জাতীয় আরো খবর