একদিন এক ভর সন্ধ্যায়
পড়ন্ত যৌবনা নারী,
দাঁড়ালো আমার সামনে এসে
পথের আড়াআড়ি।
প্রশ্ন করলাম তাকে দেখে
কি চাইছো এখন?
খানিক পরেই নিভে যাবে
আঁধার ঘনাবে যখন।
সে বললে হারিয়েছি যা
তাই ফেরত চাই,
বলতে পারো কিভাবে আবার
সেদিন ফিরে পাই?
আমি বললাম কোন দিনটা?
যেদিন ছোট্ট ছিলে?
মা যেদিন আদর জড়িয়ে
প্রথম কোলে নিলে?
নাকি তোমার কিশোরী বেলা
প্রথম স্কুলে যাওয়া?
প্রথম ক্লাসে প্রথম যেদিন
অনেক বন্ধু পাওয়া!
শান্ত হয়ে চুপ থাকলো
মুখে কুলুপ এঁটে,
বুঝে নিলাম এসব চায়না
স্মৃতির পাতা ঘেঁটে।
একটু ভেবে আবার বললাম
চাইছো প্রথম দেখা?
নতুন বাড়ি, নতুন খাটে
নতুন সোহাগ রেখা?
নাকি প্রথম মা হওয়া
প্রথম শোনা ডাক,
ইচ্ছে পূরণ হতে কি
রয়েছে কোনো ফাঁক?
শুনে নারী লাজুক মুখে
বললে চুপি চুপি,
এবার আমায় জ্বালতে হবে
মনের গোপন কুপি।
খাতা কলম নিয়ে হাতে
শব্দ দিয়ে এঁকে,
দেখি সে লিখে চলেছে
একটুও না ঢেকে।
শেষ ইচ্ছা আছে বাকি
জড়িয়ে ধরার সুখে,
ভীষণ ভালো লেগেছিল সেদিন
হয়নি বলা মুখে।
প্রথম কলেজ প্রথম প্রেম
ঊনিশ ছোঁয়া ছেলে,
বলবো তাকে না বলা কথা
আবার কাছে পেলে।
লেখার শেষে উধাও হল
হাওয়ার মতো বেগে,
ভাসিয়ে দিয়ে মনের কথা
মুহূর্তের আবেগে।
আমি তখন অবাক চোখে
এদিক ওদিক দেখি,
কোথায় নারী? কেউ নেই
আমারই প্রতিবিম্ব একি!