শুক্রবার, মার্চ ৬, ২০২৬

২৯৭ আসনের চূড়ান্ত ফল প্রকাশ,চট্টগ্রামের দুই আসন স্থগিত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৩ ২২:০৯:০১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। বাকি দুই আসনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে কমিশন সিদ্ধান্ত জানাবে। ঘোষিত ফলাফলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ফল ঘোষণা কার্যক্রমের সমাপ্তি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সমাপনী বক্তব্যে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতা ও ধৈর্যের মধ্য দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে পৃথক চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন। আদালতে মামলা চলমান থাকায় এসব আসনের ফল প্রকাশ করা হয়নি বলে জানানো হয়। এর মধ্যে শেরপুর-২ আসনের ফল ঘোষণা করা হলেও আপাতত এ আসনের গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের মিত্ররা পেয়েছে ২১২টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।
দলভিত্তিক ফলাফলে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং গণঅধিকার পরিষদ ১টি আসন অর্জন করেছে।
এই ফলাফলের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি।

কী-ওয়ার্ডস: নির্বাচন কমিশন ফলাফল, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা, চট্টগ্রাম আসন স্থগিত


এ জাতীয় আরো খবর