পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ তারেক রহমান–কে তার দলের নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে অভূতপূর্ব বিজয়ের নেতৃত্ব দেওয়ায় আমি জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাই। একই সঙ্গে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।’
জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে পাকিস্তান বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
শাহবাজ শরিফ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
কী-ওয়ার্ডস: শাহবাজ শরিফ, তারেক রহমান, বিএনপি বিজয়, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক