শনিবার, মে ২, ২০২৬

নেত্রকোনা-১ এ ধানের শীষের ঝড়,বিপুল ব্যবধানে কায়সার কামালের জয়

  • নেত্রকোনা প্রতিনিধি
  • ২০২৬-০২-১২ ২১:১৮:৪৩
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিশাল ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১২২টির গণনা শেষে তিনি নিরঙ্কুশভাবে এগিয়ে থেকে নির্বাচিত হয়েছেন।
এই জয়ের মাধ্যমে কায়সার কামাল তার নির্বাচনি এলাকায় শক্ত অবস্থান ও জনপ্রিয়তার প্রতিফলন ঘটিয়েছেন বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা। তৃণমূল পর্যায়ে গারো, হাজং ও সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের ভোটারদের অংশগ্রহণ, পাশাপাশি নতুন প্রজন্মের ভোটারদের সক্রিয় উপস্থিতি এবং ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন-সব মিলিয়ে ফলাফলে বড় ব্যবধান তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
নেত্রকোনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এর মধ্যে কলমাকান্দা উপজেলায় ২ লাখ ৪৪ হাজার ১৮৫ এবং দুর্গাপুর উপজেলায় ২ লাখ ১১ হাজার ৯৯৭ জন ভোটার রয়েছেন। ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে পুরুষ ও নারী ভোটারের পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটাররাও অংশ নিয়েছেন।
ভোটগ্রহণে বিভিন্ন সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশে গণনা কার্যক্রম সম্পন্ন হওয়ায় ফলাফল নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

কী-ওয়ার্ডস: নেত্রকোনা-১, কায়সার কামাল, ধানের শীষ জয়


এ জাতীয় আরো খবর