পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোজার সময়ে গ্রাহকদের ব্যাংকিং সেবা নির্ধারিত স্বল্প সময়ে পরিচালিত হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সার্কুলারে এ নতুন সময়সূচি জানানো হয়।
সার্কুলার অনুযায়ী, রমজান মাসে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। একই সময়ে ব্যাংকের অফিস কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ৯টায় এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ সময়ের মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে নামাজের বিরতিকালেও বিকল্প ব্যবস্থায় সীমিত পরিসরে ব্যাংকিং লেনদেন চালু রাখতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
বর্তমানে সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতি বছর রমজান মাসে কর্মঘণ্টা সংক্ষিপ্ত করার অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের সময়সূচি নির্ধারণ করে থাকে।
আগামী সপ্তাহ থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে আগাম এ সিদ্ধান্ত জানানো হয়েছে। রমজান মাস শেষ হলে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পুনরায় আগের নিয়মে ফিরে যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
কী-ওয়ার্ডসঃরমজান ব্যাংক সময়,বাংলাদেশ ব্যাংক,ব্যাংক লেনদেন সময়