হৃদ গহ্বরে থিতিয়ে রয়েছে
শুধু এক বুক জ্বালা,
খন্ডে খন্ডে বিভাজিত আজ
অঙ্গীকারের মালা।
কোমল হৃদয়ে সুগভীর ক্ষত
কর্পূর হাসি -গান,
সুখের সমাধি রচিত হয়েছে
দুঃখের জয়গান।
অশ্রুজলের মূল্য বোঝে নি
তামাশা দেখেছে যারা,
পরোয়া করি না তাদের আজকে
ডাকলে দিই না সাড়া।
উত্তাপ নেই, উচ্ছ্বাসও নেই
হাতড়ে পাই না দিশে,
আমার পৃথিবী ছোট হতে হতে
বিন্দুতে গেছে মিশে।
নিজেই নিজেকে বোঝাতে চেয়েছি
বুঝতে চায় নি মন,
সবার আড়ালে নিজেকে রেখেছি
নেই কোন পরিজন।
ভালবাসাহীন পৃথিবীতে আমি
বিচরণ করি একা,
সাতটি রঙের একটির সাথে
আমার দু'বেলা দেখা।
কালোর মাঝেই বিলীন হয়েছি
নেই শশী-তারা-রবি,
ঘন মেঘে খুঁজে দেখতে চাই না
নিজের প্রতিচ্ছবি।