বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গোলাপ দিবস

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০২-০৭ ১৯:৫৪:৩২

আজ গোলাপ দিবস,
ফুটপাতে দাঁড়িয়ে থাকা ছেলেটার হাতে
লাল গোলাপের দাম আজ দ্বিগুণ-
ভালোবাসার মতোই,চাহিদা বাড়লেই মূল্য বাড়ে।

কেউ গোলাপ দিচ্ছে ছবির জন্য,
কেউ দিচ্ছে স্ট্যাটাসের রঙ মিলিয়ে,
আর কেউ কেউ
দিচ্ছে না-
কারণ ভালোবাসা সব সময় দেখাতে নেই,
কিছু ভালোবাসা টিকে থাকে
না দেওয়ার মধ্যেই।

একটা গোলাপ হাসে
এয়ারকন্ডিশন শোরুমে,
আরেকটা শুকিয়ে যায়
বাসের ভিড়ে চেপে ধরা হাতে-
দুটোই ভালোবাসা,
শুধু শ্রেণিটা আলাদা।

আজ কেউ বলবে-
'তোমার জন্য গোলাপ',
কেউ আবার শুনবে-
'সময় নেই এখন'।
গোলাপ দিবস আসলে
মিথ্যা আশ্বাস আর সত্যিকারের অপেক্ষার
মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা দিন।

কাঁটা ছাড়া গোলাপ নেই-
এই কথাটা আমরা সবাই জানি,
তবু গোলাপ হাতে নিই
কাঁটার দায় এড়ানোর আশায়।

আজ যারা গোলাপ পেলো,
তারা খুশি থাকুক।
আর যারা পেলো না-
তারা জানুক,
সবচেয়ে গভীর ভালোবাসাগুলো
ক্যালেন্ডারের দিন মানে না।

গোলাপ দিবস-
আজ শুধু ফুল নয়,
আজ ভালোবাসার ভান আর বাস্তবতার
নীরব সংঘর্ষ।


এ জাতীয় আরো খবর