লোকটিকে দেখে হাজার প্রশ্ন আসে মনে
কেউ বলে ইনি নিষ্ঠুর প্রাণ!
নিজের ঘরে দু মুঠো অন্ন নেই
শূন্য হাঁড়িতে নেংটি ইঁদুর লাফালাফি করে
অর্ধ পোশাকে শিশুটি ঘুরে বেড়ায় উঠোনময়
অথচ সেদিকে খেয়াল না রেখে নিজের ভাবনায় মগ্ন থাকেন
এমন উদাসীন কি মানুষ হতে পারে??
কেউ বলে উনি নাস্তিক
উনার গাল ভর্তি দাড়ি, লম্বা চুল, টুপিহীন মাথা, কাঁধে ঝোলানো ব্যাগ
কোনো ধর্মের পরিচয় রাখতে পারে না,
লোকটি এক টুকরো ভূখণ্ডে বসে ব্যথিত হন গোটা পৃথিবীর দুর্দশায়
উনার কি নিজস্ব কোনো দেশ নেই?
কেউ বলে সত্যিই উনার কোনো দেশ নেই
কোটরাগত দুটো চোখে বিশ্বের স্বপ্ন আঁকা
এও কি সম্ভব!
কেউ বলে উনি পরশুরাম
উনার হৃদয় অতি কঠিন!
সেখানে ভয় নেই, আঘাতের পরোয়া নেই
নিঃসংকোচে সর্বহারাদের জন্য প্রতিবাদ করেন
অবলীলায় সত্যি কথা বলেন কি করে?
কেউ বলে উনি দধীচি
সবার জন্য বিলিয়ে দিতে পারেন নিজেকে
উনার অন্তর আলোকবর্ষের বেগে ধেয়ে চলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে
নইলে কি একসঙ্গে এত মানুষের উপকার করা সম্ভব?
তবে অনেকেই বলে উনি শুধুমাত্র মানুষ নন
কোনো মানুষই এমন নির্ভীক, নিঃস্বার্থ হতে পারেনা,
লোকটি তখনও সমালোচনা অগ্রাহ্য করে,পঞ্চরিপুকে দমন করে আবিষ্ট সাধনায়।