বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

ইসলামাবাদের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৩১

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-০৭ ০০:১৩:৫১
ছবি: সংগৃহীত।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ১৬৯ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। বিস্ফোরণের তীব্রতায় মসজিদটির কয়েকটি দেয়াল ধসে পড়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই এলাকার খাদিজা-তুল কুবরা মসজিদে এই বিস্ফোরণ ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তদন্তে এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, মসজিদের ভেতরে ছড়িয়ে আছে নিথর দেহ, আর আহত মুসল্লিরা আর্তনাদ করছেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হামলার পেছনে ভারত ও আফগানিস্তানের সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা আফগানিস্তানে যাতায়াত করেছে এবং বিষয়টি শিগগিরই প্রকাশ পাবে।
জেলা প্রশাসনের তথ্যমতে, বিস্ফোরণের খবর পেয়ে প্রায় ১ হাজার ২০০ পুলিশ ও উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছান। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স, সিডিএ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, হামলার উদ্দেশ্য ও বিস্ফোরণের ধরন নিশ্চিত করতে ফরেনসিক টিম কাজ শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি আত্মঘাতী হামলা কি না, সে বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাবে না।
উল্লেখ্য, বিস্ফোরণের সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ দুই দিনের সফরে ইসলামাবাদে অবস্থান করছিলেন। এর আগেও গত নভেম্বরে ইসলামাবাদ জেলা জুডিশিয়াল কমপ্লেক্সের প্রবেশপথে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছিল।

কী-ওয়ার্ডস:ইসলামাবাদ বিস্ফোরণ,পাকিস্তান মসজিদ হামলা,আত্মঘাতী বোমা হামলা


এ জাতীয় আরো খবর