বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের ঘোষণা বিএনপির

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-০৬ ১৬:৩২:৩২
ছবি: সংগৃহীত।

বিএনপি ক্ষমতায় এলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনরায় সংযোজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার প্রণয়ন অনুষ্ঠানের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে এবার তিনিই বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এবং এটিই তাঁর নেতৃত্বে দলের প্রথম নির্বাচনি ইশতেহার।
তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—এমন সাংবিধানিক বিধান চালু করা হবে। পাশাপাশি জাতীয় সংসদে দলীয় শৃঙ্খলার কঠোরতা কমাতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, রাষ্ট্রের ভারসাম্য ও জবাবদিহি বাড়াতে ৩১ দফা সংস্কার প্রস্তাবের আলোকে একটি উচ্চকক্ষ গঠনের পরিকল্পনা রয়েছে বিএনপির।
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিএনপি তাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে নির্ধারণ করেছে—‘করবো কাজ, গড়বো দেশ’। ঘোষিত নির্বাচনি ইশতেহারে পাঁচটি অধ্যায়ে দলের অগ্রাধিকার তুলে ধরা হয়েছে।
ইশতেহারের প্রথম অধ্যায়ে রয়েছে রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার। দ্বিতীয় অধ্যায়ে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের রূপরেখা। তৃতীয় অধ্যায়ে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধারের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। চতুর্থ অধ্যায়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের কথা বলা হয়েছে। আর পঞ্চম ও শেষ অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি এবং জাতীয় সংহতি জোরদারের অঙ্গীকার করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই ইশতেহার কেবল নির্বাচনি প্রতিশ্রুতি নয়, বরং রাষ্ট্র পরিচালনায় একটি দীর্ঘমেয়াদি নীতিগত রূপরেখা হিসেবে কাজ করবে।

কী-ওয়ার্ডসঃবিএনপি ইশতেহার,সংবিধান সংস্কার,তত্ত্বাবধায়ক সরকার


এ জাতীয় আরো খবর