রাজধানীর যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। পাশাপাশি বাড়তি যাত্রী চাপ সামাল দিতে ওইদিন অতিরিক্ত ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি জানান, নির্বাচন উপলক্ষ্যে মেট্রোরেলের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। ভোটের দিনও নিয়মিত সময় অনুযায়ী ট্রেন চলবে এবং প্রয়োজন অনুযায়ী এক্সট্রা ট্রেন সংযুক্ত করা হবে।
ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের কারণে ছুটির দিন হলেও মেট্রোরেল চলবে স্বাভাবিক কর্মদিবসের মতো। তবে নিরাপত্তা বিবেচনায় যেসব মেট্রোরেল স্টেশনের প্রবেশ বা বহির্গমন গেট ভোটকেন্দ্রের একেবারে সন্নিকটে অবস্থিত, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বাকি গেটগুলো যাত্রীদের জন্য খোলা থাকবে।
নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএলের সব জরুরি বিভাগকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। এ লক্ষ্যে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব ইউনিটে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল থাকবে, বিশেষ বা জরুরি প্রয়োজন ছাড়া।
একই সঙ্গে নির্বাচনকালীন প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত।
মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে সীমিত শিথিলতা থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
কী-ওয়ার্ডসঃমেট্রোরেল,ভোটের দিন,ডিএমটিসিএল