রবিবার, মে ৩১, ২০২৬

ভোট কেড়ে নিতে এলে প্রতিরোধ হবে: চট্টগ্রামে জামায়াত আমির শফিকুর রহমান

  • চট্টগ্রাম প্রতিনিধি
  • ২০২৬-০২-০২ ২২:৫৪:৩৯
ছবি: সংগৃহীত।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাকসু দিয়ে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা আপাতত জকসু পর্যন্ত এসেছে—তবে আগামী ১২ তারিখ নতুন এক ইতিহাসের জন্ম দেবে। তিনি বলেন, ভোটাধিকার কেড়ে নেওয়ার সময় শেষ হয়েছে, এখন জনগণই তাদের অধিকার রক্ষা করবে।
রোববার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী এ জনসভার আয়োজন করে।
ডা. শফিকুর রহমান বলেন, এক সময় ফ্যাসিবাদের স্লোগান ছিল—“আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো।” সেই অধ্যায় শেষ। এখন স্লোগান একটাই—“আমার ভোট আমি দেবো, তোমারটা তুমি দাও।” কেউ যদি ভোট কেড়ে নিতে আসে, তাহলে জনগণ তা প্রতিরোধ করবে।
মঞ্চে উঠে তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মায়েরা সমাজের সম্মান ও শক্তির প্রতীক। তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, “আমরা ক্ষমতায় যেতে চাই না—ক্ষমতায় যাবে ১৮ কোটি মানুষ। আমরা চাই রাষ্ট্রের সম্পদ ও সুযোগ সবার মধ্যে ন্যায্যভাবে বণ্টন করতে।” তিনি বলেন, যারা ১৩ তারিখের পর একটি নতুন বাংলাদেশ দেখতে চান, তাদের ১১ দলীয় জোটকে সমর্থন দিতে হবে।
তিনি আরও বলেন, গত ৫৪ বছরে দেশে উন্নয়ন একেবারে হয়নি—এ কথা ঠিক নয়। তবে যতটা হওয়ার কথা ছিল, ততটা হয়নি। কারণ ভোটের আগে এক কথা আর ভোটের পর আরেক কথা বলাই ছিল রাজনৈতিক সংস্কৃতি।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে মানুষের দাবি ছিল ন্যায়বিচার—“তোমার পাওনা তুমি নাও, আমার পাওনা আমাকে দাও।” তিনি অভিযোগ করেন, যারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, তারা সমাজের জন্য কলঙ্ক। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিক্ষার্থীরা স্পষ্ট করে দিয়েছে—তারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পক্ষে নেই।
তিনি জোর দিয়ে বলেন, জামায়াতে ইসলামী দলীয় সরকার, পরিবারতন্ত্র বা ব্যক্তিকেন্দ্রিক শাসন চায় না; তারা চায় জনগণের সরকার।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি চট্টগ্রাম উত্তরের সাতটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
জনসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা।

কী-ওয়ার্ডস:জামায়াতে ইসলামী,ভোটাধিকার,চট্টগ্রাম জনসভা


এ জাতীয় আরো খবর