শুক্রবার, মে ১, ২০২৬

ন্যাচারাল লিডার

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০২-০২ ১১:৩৮:৫৪

সে মাইকের পেছনে দাঁড়ায় না,
তবু মানুষ তার কথায় দাঁড়িয়ে যায়।
সে আদেশ দেয় না,
তবু পথ নিজে থেকেই
তার পাশে এসে পড়ে।

ক্ষমতা তার হাতে নয়,
আছে আচরণে।
ভোট তার শক্তি নয়,
বিশ্বাসই তার সংখ্যাগরিষ্ঠতা।

ভিড়ের সামনে নয়,
সে থাকে ভিড়ের ভেতরে।
ঘাম, ধুলো আর ব্যর্থতার পাশে
নীরবে দায়িত্ব কাঁধে নেয়।

যখন বাকিরা সুবিধা গুনে,
সে গুনে মানুষের চোখ।
যখন সবাই প্রশ্ন করে-
সে আগে সমাধান খোঁজে।

সে ভুল করে,
কিন্তু পালায় না।
সে পড়ে যায়,
কিন্তু কাউকে পা দিয়ে ওঠে না।

ন্যাচারাল লিডার
কোনো পদবী নয়-
এটা এমন এক মানুষ,
যার পিছনে মানুষ হাঁটে
কারণ সে আগে হাঁটে।


এ জাতীয় আরো খবর