রবিবার, মে ৩১, ২০২৬

টোকিওতে নামল কূটনৈতিক পর্দা,বন্ধ হলো জাপানে আফগান দূতাবাসের কার্যক্রম

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-০১ ১২:৩১:৫৯
ছবি: সংগৃহীত।

জাপানের রাজধানী টোকিওতে আফগানিস্তানের দূতাবাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন জাপানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত শিদা মোহাম্মদ আবদালি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আবদালি জানান, গভীর দুঃখভারাক্রান্ত মন নিয়ে তিনি টোকিও ত্যাগ করছেন। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, শনিবার থেকেই জাপানে আফগান দূতাবাসের সব ধরনের কূটনৈতিক ও কনস্যুলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
দূতাবাসটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত আফগানিস্তান ও জাপানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছিল। পাশাপাশি জাপানে বসবাসরত আফগান নাগরিকদের জন্য পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবাও প্রদান করছিল মিশনটি।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর বিশ্বের বিভিন্ন দেশে দেশটির কূটনৈতিক মিশনগুলো একে একে বন্ধ অথবা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে। সাবেক সরকারের নিয়োগপ্রাপ্ত বহু কূটনীতিককে বিভিন্ন দেশে বরখাস্ত করা হয়েছে, আবার কোথাও প্রশাসনিক ও রাজনৈতিক চাপে মিশনের ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে।
জাপান এখনো তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে মানবিক সহায়তার ক্ষেত্রে দেশটি আফগানিস্তানের সঙ্গে সীমিত যোগাযোগ বজায় রেখে চলেছে।
২০২১ সালের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে আফগানিস্তানের ডজনেরও বেশি কূটনৈতিক মিশন বন্ধ বা কার্যক্রম সংকুচিত হওয়ায় বিদেশে অবস্থানরত আফগান নাগরিকদের কূটনৈতিক প্রতিনিধিত্ব ও জরুরি কনস্যুলার সেবা পাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

কী-ওয়ার্ডস:আফগান দূতাবাস বন্ধ,জাপান আফগানিস্তান,তালেবান কূটনীতি


এ জাতীয় আরো খবর