আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। আগেই বিদায় নিশ্চিত হলেও দুর্দান্ত জয় দিয়ে আসরের ইতি টানল জুনিয়র টাইগাররা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে শনিবার (৩১ জানুয়ারি) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা খুব মসৃণ না হলেও ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেয় দল। ওপেনিং জুটিতে ২০ রান যোগ করেন রিফাত বেগ ও জাওয়াদ আবরার। রিফাত ১৫ রান করে ফিরলে চাপ বাড়ে বাংলাদেশের ওপর।
এরপর দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস গড়েন আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরার। আবরার ২৫ রান করে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তামিম। চাপের মধ্যেই ফিফটি তুলে নেন তিনি। ৮৭ বলে ৫৯ রানের দৃঢ় ইনিংস খেলেন তামিম। তাকে ভালোভাবে সঙ্গ দেন রিজান হোসেন, যিনি ৪৭ রান করে ফেরেন।
মাঝপথে দ্রুত উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা চাপে পড়লেও শেষদিকে দৃশ্যপট বদলে দেন আল ফাহাদ ও শাহরিয়ার আহমেদ। আল ফাহাদ ১৩ বলে ২৩ এবং শাহরিয়ার ১১ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ ১০ ওভারে ৭৯ রান যোগ করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। প্রথম দুই ওপেনারকে মাত্র ৬ রানের মধ্যে ফিরিয়ে দেন পেসার ইকবাল হোসেন ইমন। তিন নম্বরে নামা কিয়ান বিলগনাটকেও দ্রুত সাজঘরে পাঠান আল ফাহাদ। ১৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় জিম্বাবুয়ে।
মাঝে অধিনায়ক সিমবারাশা মুদজেনগেরে ও লিরয় চিওয়াউলার ছোট একটি জুটি গড়লেও তা ভাঙেন ইমন। একের পর এক আঘাতে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। অধিনায়ক সিমবারাশা একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান এবং ৭০ রানের ইনিংস খেলেন।
শেষ পর্যন্ত ১৭৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন ইকবাল হোসেন ইমন। ১০ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। এছাড়া আল ফাহাদ নেন ২টি উইকেট, রিজান হোসেন ও আজিজুল হাকিম তামিম নেন ১টি করে উইকেট।
বিশ্বকাপে এগোতে না পারলেও শেষ ম্যাচে দাপুটে জয়ে আত্মবিশ্বাস নিয়েই আসর শেষ করল বাংলাদেশের যুবারা।
কী-ওয়ার্ডসঃঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ,বাংলাদেশ জিম্বাবুয়ে,ইকবাল হোসেন ইমন