বুধবার, জুন ২৪, ২০২৬

ঢাকা-করাচি আকাশপথে নতুন সংযোগ: ১৫০ যাত্রী নিয়ে বিমানের প্রথম সরাসরি ফ্লাইট

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-২৯ ২২:১১:২৫
ফাইল ছবি

দীর্ঘদিন পর পাকিস্তানের সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপন করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে দুই দেশের যাত্রী পরিবহনে নতুন দিগন্ত উন্মোচিত হলো। উদ্বোধনী ফ্লাইটে প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে করাচির উদ্দেশে যাত্রা শুরু করেছে বিমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৪১ নম্বর ফ্লাইটটি করাচির উদ্দেশে উড্ডয়ন করে। এ উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিমান, সিভিল এভিয়েশন ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. সাফিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর ফলে বাণিজ্য, পর্যটন ও পারস্পরিক যোগাযোগ আরও সহজ হবে এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
বিমানের ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। শীতকালীন সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার ও শনিবার এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।
এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ প্রতিষ্ঠিত হওয়ায় যাত্রীদের ভ্রমণ সময় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

কীওয়ার্ড:ঢাকা-করাচি ফ্লাইট,বিমান বাংলাদেশ এয়ারলাইনস,সরাসরি আন্তর্জাতিক রুট


এ জাতীয় আরো খবর