শনিবার, মে ৩০, ২০২৬

ইউরোপে ব্যতিক্রমী দৃষ্টান্ত: পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করছে স্পেন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-২৮ ০০:২৪:২৪
ছবি: সংগৃহীত।

ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ যখন অনিয়মিত অভিবাসন ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ করছে, তখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে স্পেন। বাংলাদেশিসহ প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার, যা ইউরোপের অভিবাসন নীতিতে এক ঐতিহাসিক মোড় বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে সরকার ‘রাজকীয় ডিক্রি’ বা বিশেষ নির্বাহী আদেশ জারির পথে হাঁটছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) মন্ত্রিসভায় অনুমোদনের পর কোনো দীর্ঘ সংসদীয় বিতর্ক ছাড়াই এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।
সরকারি হিসাবে বর্তমানে স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার অনিয়মিত অভিবাসী বসবাস করছেন। নতুন এই ডিক্রির মাধ্যমে তাদের একটি বড় অংশকে আইনি কাঠামোর আওতায় আনা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, এটি ইউরোপের ইতিহাসে একক কোনো দেশের নেওয়া সবচেয়ে বড় মানবিক ও অর্থনৈতিক নিয়মিতকরণ উদ্যোগগুলোর একটি।
এর আগে ইতালি ও গ্রিস সীমিত আকারে কিছু খাতে অভিবাসীদের বৈধতার সুযোগ দিলেও, স্পেনের এই সিদ্ধান্ত গৃহস্থালি কাজ, কৃষি, নির্মাণ শিল্প থেকে শুরু করে প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ—সব খাতের জন্য উন্মুক্ত। এমনকি ২০০৫ সালে চালু হওয়া সাপাতেরো সরকারের নিয়মিতকরণ কর্মসূচিতেও সংখ্যার দিক থেকে ছাড়িয়ে যাচ্ছে এই ডিক্রি।
বার্সেলোনা, মাদ্রিদ ও ভালেন্সিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় অভিবাসীদের জন্য এই ঘোষণা বড় স্বস্তি নিয়ে এসেছে। ধারণা করা হয়, বর্তমানে স্পেনে ৫০ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করছেন, যাদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের অভাবে অনিশ্চিত জীবন কাটাচ্ছিলেন। নতুন আইনের ফলে প্রায় ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি সরাসরি উপকৃত হতে পারেন।
বৈধতা পাওয়ার ফলে এসব অভিবাসী আনুষ্ঠানিক শ্রম চুক্তি, সরকারি স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুবিধা পাবেন। একই সঙ্গে তারা নির্বিঘ্নে নিজ দেশে যাতায়াতের সুযোগও অর্জন করবেন। এর মাধ্যমে প্রায় পাঁচ লাখ ‘ছায়া শ্রমিক’ মূলধারার নাগরিক জীবনে প্রবেশ করবেন।
স্পেন সরকারের মতে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে শক্তিশালী অর্থনৈতিক যুক্তি। পাঁচ লাখ মানুষকে বৈধ করলে বছরে প্রায় ২ বিলিয়ন ইউরো কর ও সামাজিক নিরাপত্তা অবদান রাষ্ট্রীয় কোষাগারে যুক্ত হবে। বিশেষ করে নির্মাণ শিল্প, পর্যটন এবং বয়স্কদের যত্ন ও সেবা খাতে শ্রম সংকট মোকাবিলায় এই ডিক্রি বড় ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও তার জোটসঙ্গী পদেমোস দলের এই উদ্যোগকে অনেকেই রাজনৈতিক ও মানবিক-দুই দিক থেকেই যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। ফলে অনিশ্চয়তায় থাকা লাখো অভিবাসীর জন্য বৈধ জীবনের দরজা কার্যত খুলে যাচ্ছে।


কীওয়ার্ডসঃস্পেন অভিবাসী বৈধতা,বাংলাদেশি প্রবাসী স্পেন,ইউরোপ অভিবাসন নীতি


এ জাতীয় আরো খবর