শনিবার, জুন ১৩, ২০২৬

বাসিলানের উপকূলে ভয়াবহ ফেরি দুর্ঘটনা, মৃত ১৫, নিখোঁজ অন্তত ৪৩

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-২৬ ১১:৪৭:১৩
ছবি: সংগৃহীত।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১৩৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও কমপক্ষে ৪৩ জন নিখোঁজ রয়েছেন।
বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ জানান, ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের ফেরিটিতে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু সদস্য ছিলেন। ভোরের দিকে ফেরিটি বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও অঞ্চলের জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে যাত্রার কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে এবং ডুবে যায়।
ফিলিপাইন কোস্টগার্ড জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ডুবুরি দল ও উদ্ধারকারী নৌযান দিয়ে তল্লাশি চালিয়ে এ পর্যন্ত ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার ১৩৮ জনের মধ্যে ১৮ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের মুখপাত্র রোনালিন পেরেজ বলেন, উদ্ধার তৎপরতা জোরদার করতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। জনবল সংকট থাকলেও যৌথ উদ্যোগে অভিযান চালানো হচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত থাকবে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। কোস্টগার্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হলে তদন্ত শুরু করা হবে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।

কীওয়ার্ডস:ফিলিপাইন ফেরি দুর্ঘটনা,বাসিলান প্রদেশ,নৌ দুর্ঘটনা


এ জাতীয় আরো খবর