মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ম হু য়া বি শ্বা স

  • সাক্ষী
  • ২০২৬-০১-২৫ ১৫:২০:১৩

মুখোশের আড়ালে একবারই দেখেছি তোমায় ...
কী জঘন্য কী ভয়ঙ্কর ওই মুখ !! 
অথচ কী রকম পাগোল দ্যাখো , 
আজও খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে 
সেই তোমাকেই । 

জীবনের জটিলতম মুহূর্তে , 
একদিন তোমাকেই ডেকেছি । নিরুচ্চারে বলেছি , 
" সবকিছু ঠিক করে দাও , 
সবকিছু ঠিক করে দাও হে ঈশ্বরী । " 
ভেবেছি , তুমিই একমাত্র । তোমাকেই বলা যায় সব , 
ধরা যায় হাত , পরম বিশ্বাসে । 

কী রকম পাগোল ভাবো , 
চরম অবিশ্বাসীর হাত ধরেছিলো পরম বিশ্বাসে । 
কিন্তু আজ আর তোমার কোনোকিছুই আমাকে মুগ্ধ করে না ।
একথা তুমিও বুঝেছো । 
তাই সে প্রচেষ্টা তোমারও নেই । 
আয়নার মতো আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে । 
আমি ,  তোমার মুখ মুখোশের একমাত্র সাক্ষী । 
আমাকে ঘৃনা করবে না ? 
তোমার জঘন্য রাজনীতির সুকৌশল চালে 
আমাকে একাকীত্বের আগুনে পুড়িয়ে মারবে না ? 
ভেঙে দেবে না আমার মেরুদণ্ড ? ধূলিসাৎ 
করবে না আমার উঠে দাঁড়াবার ক্ষমতাকে ?
 
ধ্বংস করো , ধ্বংস করো আমাকে । 
পুড়ে যাক ভালোবাসা , অন্তরঙ্গক্ষণ , বন্ধুতার 
সমস্ত মুহূর্ত পুড়ে যাক । 

কবির ভাষায় আজ বলি  - 
" দাও মোরে দাও শত্রু দাও । 
সহে না সহে না আর জনতার জঘন্য মিতালি ।"
        
 


এ জাতীয় আরো খবর