আফগানিস্তান যুদ্ধে ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। এ মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আফগান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনারাই মূলত সম্মুখভাগে লড়াই করেছে, আর ন্যাটোর অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর সেনারা ছিল অনেকটা দূরে। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে স্টারমার বলেন, আফগানিস্তানে প্রাণ হারানো ৪৫৭ জন ব্রিটিশ সেনার আত্মত্যাগ কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, “দেশের জন্য জীবন দেওয়া সেই সাহসী সৈনিকদের কথা আমি কখনো ভুলব না।” একই সঙ্গে যুদ্ধে আহত সেনাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমারের ভাষায়, ট্রাম্পের মন্তব্য শুধু নিহত ও আহতদের স্মৃতির প্রতি অসম্মান নয়, বরং তাদের পরিবার ও পুরো জাতিকেই আঘাত করেছে।
এটি প্রথমবার নয়-এর আগেও ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিল স্টারমারের দপ্তর। ব্রিটিশ সরকারের মতে, ন্যাটো মিত্রদের সম্মিলিত ত্যাগ ছাড়া আফগানিস্তান অভিযান সম্ভব হতো না।
উল্লেখ্য, ৯/১১–পরবর্তী সময়ে ২০১১ সালে ন্যাটোর নেতৃত্বে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু হয়, যা ২০২১ সাল পর্যন্ত চলেছে। এই দীর্ঘ যুদ্ধে ন্যাটোর প্রায় এক লাখ ৩০ হাজারের বেশি সেনা বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন। প্রাণ হারান অন্তত ৩ হাজার ৪৮৬ জন সেনা-এর মধ্যে যুক্তরাষ্ট্রের ২ হাজার ৪৬১ জন এবং যুক্তরাজ্যের ৪৫৭ জন সৈন্য ছিলেন।
কীওয়ার্ডস:আফগান যুদ্ধ,ন্যাটো সেনা,ট্রাম্প-স্টারমার মন্তব্য