বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

৬৩ রানের দাপুটে জয়ে বিপিএল ট্রফি আবার রাজশাহীর ঘরে

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-২৩ ২১:১০:৩১
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারও নিজেদের আধিপত্য প্রমাণ করল রাজশাহী। দীর্ঘ বিরতির পর বিপিএলের শিরোপা ফিরল উত্তরবঙ্গের দলটির হাতে। ২০২০ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল রাজশাহী, এবার নতুন পরিচয়ে রাজশাহী ওয়ারিয়র্স হিসেবে।
শুক্রবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসরের ফাইনালে চট্টগ্রাম রয়েলসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। ফাইনালের মঞ্চে ব্যাটে ও বলে পূর্ণ নিয়ন্ত্রণ রেখে একপেশে জয় তুলে নেয় রাজশাহী।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রাজশাহী। ওপেনিংয়ে শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় দল। মাত্র ১০.২ ওভারে এই জুটিতে আসে ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে ফারহান ফিরে গেলেও ইনিংসের নিয়ন্ত্রণ ধরে রাখেন তানজিদ।
বাংলাদেশ দলের এই ওপেনার ২৯ বলে ফিফটি পূর্ণ করেন এবং পরবর্তী ৩১ বলে সেঞ্চুরি করে বিপিএল ফাইনালে অনন্য নজির গড়েন। ৬১ বলে ১০০ রান করে ইনিংসের শেষ দিকে আউট হন তিনি। তার ব্যাটিংয়ে ভর করে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৭৪ রান। কেন উইলিয়ামস করেন ১৫ বলে ২৪ রান, অধিনায়ক শান্ত যোগ করেন ৭ বলে ১১ রান।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে চট্টগ্রাম রয়েলস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় জুটি গড়তে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় পুরো দল। সর্বোচ্চ ৩৯ রান করেন পাকিস্তানি ওপেনার মিরাজ বেগ। আসিফ আলির ব্যাট থেকে আসে ২১ রান। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামের সাত ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
এই হারের ফলে তৃতীয়বার ফাইনাল খেলেও বিপিএলের শিরোপা অধরাই রইল চট্টগ্রাম রয়েলসের। অন্যদিকে রাজশাহী আবারও প্রমাণ করল, বড় ম্যাচে তারা কতটা পরিণত ও ভয়ংকর দল।

কীওয়ার্ডঃবিপিএল ফাইনাল,রাজশাহী চ্যাম্পিয়ন,তানজিদ সেঞ্চুরি

 


এ জাতীয় আরো খবর