শুক্রবার, মে ১, ২০২৬

ভোটার স্থানান্তর ও প্রশাসনিক পক্ষপাতের অভিযোগে ইসিতে বিএনপি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-১৮ ২১:০২:৫০
ছবি: সংগৃহীত।

ঢাকা মহানগরীর বিভিন্ন নির্বাচনি এলাকায় ভোটার স্থানান্তরের মাধ্যমে একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে অনৈতিক কৌশল গ্রহণ করেছে-এমন অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক ভোটারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঢাকা মহানগরীর একাধিক নির্বাচনি এলাকায় স্থানান্তর করা হয়েছে। এর মাধ্যমে একটি রাজনৈতিক দল তাদের সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করার চেষ্টা করছে, যা সম্পূর্ণ অনৈতিক ও নির্বাচনি বিধি পরিপন্থী।
তিনি জানান, কতজন ভোটার, কোন কোন এলাকা থেকে, কোন কোন সংসদীয় আসনে এবং কী কারণে ভোটার স্থানান্তর করা হয়েছে-সে সংক্রান্ত বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে চাওয়া হয়েছে।
এছাড়া বিএনপির পক্ষ থেকে আরও কয়েকটি গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়। মির্জা ফখরুলের দাবি, জামায়াতের নির্বাচনি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি একটি ফৌজদারি অপরাধ। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে নির্বাচন কমিশনকে।
বিএনপি মহাসচিব আরও বলেন, দলটি লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাসী বলেই বিএনপির চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রকাশ্যেই আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন, যা নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ করছে।
এছাড়া বিভিন্ন নির্বাচনি এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, ওসি ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের একটি দলের পক্ষে কাজ করার অভিযোগও কমিশনের কাছে উত্থাপন করেছে বিএনপি। তদন্তসাপেক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির প্রতীক সঠিকভাবে ছাপানো পোস্টাল ব্যালট দ্রুত বিতরণের জন্য নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।

কী-ওয়ার্ডসঃভোটার স্থানান্তর,নির্বাচন কমিশন,বিএনপি অভিযোগ


এ জাতীয় আরো খবর