ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের অষ্টম দিনের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা এই শুনানি অনুষ্ঠিত হয়।
এদিন মোট ১১২টি আপিলের শুনানি গ্রহণ করে কমিশন। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়েছে, ৩৭টি আবেদন নামঞ্জুর হয়েছে। পাশাপাশি ৯ জন প্রার্থী স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ২১টি আপিল আবেদন।
শুনানিকালে নির্বাচন ভবনে একাধিকবার উত্তেজনা ও হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা দেখা যায়, যা সামাল দিতে ইসির কর্মকর্তারা হস্তক্ষেপ করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও বৈধ ঘোষণার বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০ আসনে দাখিল হওয়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
ইসি জানিয়েছে, বাকি আপিলগুলোর শুনানি নির্ধারিত সময়ের মধ্যেই নিষ্পত্তি করা হবে।
কী-ওয়ার্ডস:আপিল শুনানি,নির্বাচন কমিশন,মনোনয়নপত্র