প্লে-অফের বাঁচা-মরার লড়াইয়ে শেষ পর্যন্ত আর পেরে উঠল না ঢাকা ক্যাপিটালস। রংপুর রাইডার্সের দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রানেই থেমে যায় ঢাকা। এতে ১১ রানের জয়ে প্লে-অফ নিশ্চিত করে রংপুর, আর টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ঢাকা।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শেষদিকে নাটকীয়তা থাকলেও সমীকরণ ঢাকা পক্ষে আসেনি। ১৮ ওভার শেষে ঢাকার সংগ্রহ ছিল ১৪৭ রান। মোস্তাফিজুর রহমানের করা ১৯তম ওভারে মাত্র ৪ রান উঠলে শেষ ওভারে অসম্ভব হয়ে দাঁড়ায় ৩১ রান তাড়ার চ্যালেঞ্জ।
শেষ ওভারে রকিবুল হাসানের বলে সাইফউদ্দিন তিনটি ছক্কা হাঁকালেও ব্যবধান আর কমানো যায়নি। শেষ পর্যন্ত প্রয়োজনীয় রানের ঘাটতি থেকেই যায়, আর সেই সঙ্গে শেষ হয়ে যায় ঢাকার প্লে–অফের স্বপ্ন।
এর আগে লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। ৯৯ রানে ষষ্ঠ উইকেট পতনের পর সাইফউদ্দিন ও ইমাদ ওয়াসিম ৪৮ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগান। তবে উনিশতম ওভারে মোস্তাফিজ ম্যাচ পুরোপুরি রংপুরের নিয়ন্ত্রণে নিয়ে নেন। প্রথম বলেই ইমাদকে ফিরিয়ে দিয়ে পরের পাঁচ বলে মাত্র চার রান দেন তিনি।
ব্যাট হাতে রংপুরের হয়ে ডেভিড ম্যালান ৭৮ রান করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। তার সঙ্গে হৃদয় ৬২ রানের ইনিংস খেলে বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বল হাতে ঢাকার হয়ে সাইফউদ্দিন দুটি উইকেট নিলেও রংপুরের রানগতি থামাতে পারেননি।
এই জয়ে ৯ ম্যাচে রংপুরের পয়েন্ট দাঁড়াল ১০, আর ঢাকা ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিল। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি থাকলেও প্লে–অফের চার দল ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। আগেই শেষ চারে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।
লিগ পর্বের শেষ দিনে রংপুর রাইডার্স খেলবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে, আর ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স ২০ ওভারে ১৮১/৪
ঢাকা ক্যাপিটালস ২০ ওভারে ১৭০/৭
ফল: রংপুর রাইডার্স ১১ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ম্যালান
কী-ওয়ার্ডসঃবিপিএল ২০২৬,রংপুর রাইডার্স,ঢাকা ক্যাপিটালস