বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

খালেদা জিয়ার আদর্শেই আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান নাগরিক শোকসভায়

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-১৬ ২৩:২৭:০৩
ছবি: সংগৃহীত।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। তারা বলেছেন, প্রতিহিংসা নয়-ঐক্য, সহনশীলতা ও জ্ঞানভিত্তিক রাষ্ট্রগঠনের যে পথ খালেদা জিয়া দেখিয়ে গেছেন, সেই আদর্শেই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক নাগরিক শোকসভায় বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক নিপীড়ন ও কারাবাসের পরও খালেদা জিয়া কখনো বিদ্বেষের ভাষা বেছে নেননি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর তার শান্তিপূর্ণ ও উদার আহ্বান দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন গণতান্ত্রিক বাংলাদেশের এক দৃঢ়চেতা রাষ্ট্রনায়ক। তার রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও আত্মমর্যাদা ইতিহাসে স্থায়ীভাবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মানসূচক রাষ্ট্রীয় উপাধি দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যসহ দেশের বরেণ্য ব্যক্তিরা। বক্তারা খালেদা জিয়ার গণতন্ত্রে আপসহীন অবস্থান, রাষ্ট্র পরিচালনায় অবদান এবং প্রতিহিংসা থেকে সরে আসার বার্তাকে ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা হিসেবে উল্লেখ করেন।
এর আগে বেলা আড়াইটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে শোকসভায় উপস্থিত হন। অনুষ্ঠানের শুরুতে খালেদা জিয়াকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভা দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
শোকসভায় রাজনৈতিক, কূটনৈতিক, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

কী-ওয়ার্ডস:খালেদা জিয়া, নাগরিক শোকসভা, আগামীর বাংলাদেশ


এ জাতীয় আরো খবর