বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

অভিজ্ঞতায় ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে নেদারল্যান্ডস,নেতৃত্বে স্কট এডওয়ার্ডস

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-১৪ ২২:৪১:০৫
ছবি: সংগৃহীত।

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডসই বিশ্বমঞ্চে দলটির নেতৃত্ব দেবেন। ঘোষিত স্কোয়াডে বিশেষভাবে নজর কাড়ছেন অলরাউন্ডার সাকিব জুলফিকার, যিনি আবারও বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন।
বিশ্বকাপকে সামনে রেখে দলে ফিরেছেন একাধিক অভিজ্ঞ মুখ। তাদের মধ্যে রয়েছেন কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ফন ডার মারউই, বাস ডি লিডে, টিম ফন ডার গুগটেন, লোগান ফন বিক, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশেট। ইউরোপ অঞ্চলের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে অংশ নেওয়া ডার মারউই, ডি লিডে, লেভিট ও লায়ন-ক্যাশেটের অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট।
অলরাউন্ডার কলিন অ্যাকারম্যান ২০২৪ সালের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেললেও তার সাম্প্রতিক ফর্ম আশাব্যঞ্জক। ইংল্যান্ডের ঘরোয়া ভাইটালিটি ব্লাস্টে ডারহামের হয়ে ১৪ ম্যাচে ৩০৪ রান করেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে নেদারল্যান্ডসের হয়ে ২৫ ম্যাচে তার সংগ্রহ ৫১৫ রান, সঙ্গে রয়েছে ১১টি উইকেট।
পেস আক্রমণে অভিজ্ঞতা যোগ করবেন টিম ফন ডার গুগটেন ও লোগান ফন বিক। গুগটেন নেদারল্যান্ডসের হয়ে ৪৯টি টি-টোয়েন্টিতে শিকার করেছেন ৫২ উইকেট, আর ফন বিক ২০২৪ সালের বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে না খেললেও তার পারফরম্যান্সে আস্থা রেখেছে নির্বাচকরা।
উইকেটকিপিং বিভাগে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের পাশাপাশি কাইল ক্লেইন ও নোয়া ক্রোসকে রাখা হয়েছে। যদিও ক্লেইন ও ক্রোসের এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই, তবে ভবিষ্যতের কথা মাথায় রেখেই তাদের দলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে থাকা সেড্রিক ডি ল্যাঙ্গে, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্র্যাট, ড্যানিয়েল ডোরাম, শারিজ আহমেদ ও রায়ান ক্লেইন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি।
গ্রুপ ‘এ’-তে নেদারল্যান্ডসের লড়াই সহজ নয়। স্বাগতিক ভারত ও শক্তিশালী পাকিস্তানের পাশাপাশি গ্রুপে রয়েছে নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে এই চ্যালেঞ্জিং গ্রুপে চমক দেখানোর লক্ষ্য নিয়েই বিশ্বকাপে নামবে ডাচরা।

নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নোয়া ক্রোস (উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডে, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই ও টিম ফন ডার গুগটেন।

৩টি কী-ওয়ার্ডস:নেদারল্যান্ডস বিশ্বকাপ দল, টি-টোয়েন্টি বিশ্বকাপ, স্কট এডওয়ার্ডস


এ জাতীয় আরো খবর