শনিবার, মে ৩০, ২০২৬

তি তা স ম ন্ড ল

  • মনের আলাপন
  • ২০২৬-০১-১৪ ১২:০৮:৪৬

আমি সেদিন  তোমার দিকে তাকিয়ে ছিলাম মাত্র, 
দেখা হয়নি তোমাকে তখনও।
ভাবছ সেটা কেমন কথা ! 
এমন আবার হয় নাকি কখনো ।
হয় গো হয় ।
তাকাই তো সবার দিকে নয়ন মেলে,
কিন্তু দেখতে যে, হৃদয় লাগে। 
তা বোঝোনা বুঝি?  
সেটাওকি খোলসা করে বলতে হবে।

তুমি ধরেছ হাতটি আমার বহুবার ।
কিন্তু  ছুঁয়েছ আজ প্রথম।
ছুঁতে যে ' স্পর্শ লাগে,  প্রেম লাগে, আবেগ লাগে ।
আর আজ সে আবেগের ছয়লাপ।

তুমি বলেছ কতবার ভালোবাসি।
আমি এড়িয়ে গেছি, হেসেছি, মুখ ঘুরিয়ে নিয়েছি।
দূর ' এমন করে বুঝি ভালোবাসা যায় ! 
তার জন্য অনুভূতি লাগে, হৃদস্পন্দন লাগে, হৃদয় পোড়া গন্ধ লাগে।
তুমি বুকে টেনে শক্ত করে ধরলে
হৃদয় দুলিয়ে কানে আজ চুপিচুপি বললে -
    "এমনি করে রাখবো তোমায়  বেঁধে
    কেমন করে পালও দেখি আমায় একলা ফেলে ।"
আমার সারা শরীর উঠল কেঁপে, জাগলো শিহরণ।
 ফুটছে রক্ত শিরা-উপশিরার, 
হৃদয়ে জাগরণ ।
অশ্রু ভেজা দৃষ্টি দিয়ে বললাম মনে মনে
 হ্যাঁ' ভালোবাসি আমি তোমায় প্রতি শ্বাসে, প্রতি ক্ষণে ।।

ভালোবাসতে সবার আগে মনকে ছুঁতে হয়
বুঝলে মশাই ' হৃদয় দোলা, বুকটা কাঁপা, দেহের শিহরণ, 
এসব কিছুই মনের খেলা,  মনের ছোঁয়া , মনের আলাপন।।
 


এ জাতীয় আরো খবর