দেশের ভোক্তা ও কৃষি খাতের চাহিদা স্বাভাবিক রাখতে পরিশোধিত সয়াবিন তেল ও ইউরিয়া সার সংগ্রহের দুটি বড় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে সড়ক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নসংক্রান্ত আরও দুটি প্রকল্পে ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চলতি বছরের দ্বিতীয় সভায় এসব অনুমোদন দেওয়া হয়।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে উত্থাপিত মোট চারটি ক্রয় প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে প্রায় ১৮০ কোটি ৮৫ লাখ টাকা। প্রতি লিটার তেলের দাম নির্ধারিত হয়েছে ১৮০ টাকা ৮৫ পয়সা।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় ২০২৫–২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এ খাতে সরকারের ব্যয় হবে প্রায় ১৯১ কোটি ৪১ লাখ টাকা, যেখানে প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৯০ মার্কিন ডলার।
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রস্তাবে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের আওতায় বাণিজ্যিক চালক প্রশিক্ষণের দায়িত্ব বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে দেওয়া হয়েছে। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৩০ কোটি ৭২ লাখ টাকা।
একই বিভাগের আরেক প্রস্তাবে বরিশাল অঞ্চলের দিনারেরপুল-লক্ষ্মীপাশা-দুমকী সড়কের ২৭ কিলোমিটারে পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ সরকার ও ওপেক ফান্ডের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। এতে মোট ব্যয় হবে প্রায় ৮৯৯ কোটি ৬২ লাখ টাকা।
কী-ওয়ার্ডসঃসরকারি ক্রয়,সয়াবিন তেল,ইউরিয়া সার