বুধবার, আগস্ট ২৬, ২০২৬

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় তিন লক্ষ টাকার মালামাল জব্দ

  • এস এম মহিদার রহমান ,
  • ২০২৬-০১-১৩ ১৯:৫২:২৯

সাতক্ষীরা :  সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্র জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্যাটালিয়নের অধীনস্থ হিজলদী, কালিয়ানী, কাকডাঙ্গা ও মাদরা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, ঔষধ ও আগরবাতি।
বিজিবি জানায়, কালিয়ানী বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী এলাকা থেকে আনুমানিক ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে। এছাড়া মাদরা বিওপি’র দল কলারোয়া থানাধীন বরই বাগান এলাকা থেকে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপি’র আভিযানিক দল কলারোয়া উপজেলার আমতলা এলাকা থেকে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি জব্দ করে। একই দিনে হিজলদী বিওপি’র একটি দল কলারোয়া থানাধীন গোবরা পোতা এলাকা থেকে আরও ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।
বিজিবি সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত সব মালামালের মোট বাজারমূল্য প্রায় ২ লাখ ৭২ হাজার টাকা। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত চোরাচালানী মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান। 

 


এ জাতীয় আরো খবর