রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

সিরিয়ায় আইএস লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বড় আকারের বিমান হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-১১ ০৯:২২:৫৯
ছবি: সংগৃহীত।

সিরিয়ায় সন্ত্রাসী সংগঠন আইএসের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী। মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে শনিবার এই হামলা পরিচালিত হয়।
‘অপারেশন হকআই স্ট্রাইক’ নামে পরিচিত এই অভিযানের মাধ্যমে আইএসের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং অঞ্চলে অবস্থানরত মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাই ছিল মূল উদ্দেশ্য। সেন্টকম জানায়, গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলার জবাব কঠোরভাবেই দেওয়া হবে। বার্তাটি স্পষ্ট-যারা মার্কিন সেনাদের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের পৃথিবীর যেখানেই পাওয়া যাক না কেন, ছাড় দেওয়া হবে না।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, অভিযানে ২০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টির বেশি নির্ভুল অস্ত্র নিক্ষেপ করা হয়। অভিযানে ব্যবহৃত বিমানগুলোর মধ্যে ছিল এফ-১৫ই, এ-১০, এসি-১৩০জে গানশিপ, এমকিউ-৯ ড্রোন এবং জর্ডানের এফ-১৬ যুদ্ধবিমান।
তবে হামলার সুনির্দিষ্ট স্থান এবং এতে হতাহতদের সংখ্যা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
অভিযান শুরুর পর মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র তার সেনাদের ওপর হামলা কখনো ভুলে যায় না এবং এই লড়াই থেকে কখনো সরে দাঁড়াবে না।
উল্লেখ্য, গত ডিসেম্বরে সিরিয়ার মধ্যাঞ্চলের পালমিরায় আইএসের এক হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হন। সেই ঘটনার পরপরই ট্রাম্প প্রশাসন ‘অপারেশন হকআই স্ট্রাইক’ ঘোষণার মাধ্যমে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিল।


কী-ওয়ার্ডস:সিরিয়া হামলা,আইএস বিরোধী অভিযান,যুক্তরাষ্ট্র সেনাবাহিনী


এ জাতীয় আরো খবর