মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-০৯ ২২:৩৪:৫৬
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সিদ্ধান্ত হয়েছিল, আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে তারেক রহমান জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ২০২৪ সালের ছাত্র–গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি কিছু পারিবারিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে তিনি দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন।
তবে বর্তমান রাজনৈতিক ও নির্বাচনসংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সফরটি স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। সেই অনুরোধের প্রতি সম্মান জানিয়ে বিএনপি চেয়ারম্যানের সফর কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মির্জা ফখরুল।
দলীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি অনুকূলে এলে পরবর্তীতে নতুন সময়সূচি নির্ধারণ করে সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কী-ওয়ার্ডস:তারেক রহমান,বিএনপি,নির্বাচন কমিশন


এ জাতীয় আরো খবর