মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬

ভেনেজুয়েলা পরাধীন নয়-মার্কিন দাবি সরাসরি নাকচ করলেন ডেলসি রদ্রিগেজ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০৯ ২২:২৭:২৮
ফাইল ছবি

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার দেশ কোনোভাবেই পরাধীন নয় এবং বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার হাতেই রয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেওয়ার যে দাবি করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর যুক্তরাষ্ট্রই দেশটি পরিচালনা করবে-এমন বক্তব্য দিয়ে আসলেও ভেনেজুয়েলা সরকার তা প্রত্যাখ্যান করেছে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেলসি রদ্রিগেজ বলেন, কেউ আত্মসমর্পণ করেনি। গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হামলার সময় ভেনেজুয়েলার জনগণ ও নিরাপত্তা বাহিনী দেশ রক্ষায় লড়াই করছিল। তার ভাষায়, এটি ছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি প্রভাব বা নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদি হতে পারে। তবে এই বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলা কোনো বিদেশি শক্তির অধীন নয় এবং ভবিষ্যতেও হবে না।
এর আগে মঙ্গলবারও একই অবস্থান তুলে ধরে তিনি বলেছিলেন, ভেনেজুয়েলা কোনো বিদেশি এজেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে না। তার মতে, দেশের সরকারই সম্পূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করছে এবং বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

কী-ওয়ার্ডস:ভেনেজুয়েলা সংকট,ডেলসি রদ্রিগেজ,যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা


এ জাতীয় আরো খবর