বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

বিপিএলে অনন্য ইতিহাস,দুবার হ্যাটট্রিক করে রেকর্ড গড়লেন মৃত্যুঞ্জয় চৌধুরী

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-০৯ ২২:০৩:৪৯
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন রংপুর রাইডার্সের বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বোলার হিসেবে দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক করার বিরল কীর্তি গড়েছেন তিনি। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় নিজের নাম তুলে নেন বিপিএলের রেকর্ডবুকে।
ম্যাচের শুরুটা অবশ্য ছিল তার জন্য কঠিন। প্রথম দুই ওভারে উইকেট না পেয়ে ৩৫ রান খরচ করেন মৃত্যুঞ্জয়। ব্যাটারদের আগ্রাসনে কিছুটা চাপে পড়লেও ইনিংসের শেষভাগে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এই পেসার। ২০তম ওভারে বল হাতে নিয়ে টানা তিন ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান শেষ ওভারের দায়িত্ব তুলে দেন মৃত্যুঞ্জয়ের হাতেই। ওভারের শুরুতে প্রথম বলে দুই রান ও পরের বলে ছক্কা হজম করলেও এরপর দৃশ্যপট পাল্টে যায়। তৃতীয় বলে মাহিদুল ইসলাম অঙ্কনকে ক্যাচ বানান অধিনায়ক সোহান। পরের দুই বলে যথাক্রমে জহির খান ও বিলাল সামিকে আউট করে পূর্ণ করেন হ্যাটট্রিক।
এই স্পেলে মৃত্যুঞ্জয়ের বোলিং ফিগার দাঁড়ায় ২.৫ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট। তার বিধ্বংসী শেষ ওভারের প্রভাবে ১৪৮ রানে গুটিয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। এটি বিপিএল ইতিহাসের দশম হ্যাটট্রিক।
এর আগে ২০২২ সালের আসরেও হ্যাটট্রিক করেছিলেন মৃত্যুঞ্জয়। ফলে বিপিএলের ইতিহাসে তিনিই একমাত্র বোলার, যিনি দুবার এই কীর্তি গড়লেন। তার আগে মোহাম্মদ শামি, আল আমিন হোসেন, আন্দ্রে রাসেল, ওয়াহাব রিয়াজ, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, মঈন আলী ও মেহেদি হাসান রানা একবার করে হ্যাটট্রিক করেছিলেন। চলতি আসরের প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন নোয়াখালীর মেহেদি হাসান রানা।

কী-ওয়ার্ডস:মৃত্যুঞ্জয় চৌধুরী,বিপিএল হ্যাটট্রিক,রংপুর রাইডার্স


এ জাতীয় আরো খবর