বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অর্ধকোটি টাকা মূল্যের হেরোইন,১০ ফুট উচ্চতার গাঁজার গাছ ও দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-০৯ ০৯:৪১:৫৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  সদর ও শিবগঞ্জ উপজেলায়  র‌্যাব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পৃথক ৩টি অভিযানে  অর্ধকোটি টাকা মূল্যের ৫০৪ গ্রাম হেরোইন,বাড়ির আঙ্গিনায় রোপনকৃত ১০ ফুট উচ্চতার কাঁচা ডালপালাসহ একটি  গাঁজার গাছ, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১টি ইজিবাইক সহ দুজন চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৩ নং ওয়ার্ডের টিকরামপুর মহল্লার  মৃত গোলাম মোস্তফার ছেলে  তসিকুল ইসলাম(৫৫) ও সদরের গোবরাতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের  দিয়াড় ধাইনগর গ্রামের কাওসার আলীর ছেলে জসিম উদ্দিন(৪৫)। গত বৃহস্পতিবার(৮ জানুয়ারী) অভিযানগুলো চালানো হয়।  
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোপন খবরের ভিত্তিতে অভিযান শুরু করা হয়।  অভিযানে সদরের ইসলামপুর ইউনিয়নের চরইসলামপুর গ্রামে পাকা সড়কের উপর চেকপোস্ট বসিয়ে  ইজিবাইকে বহনকালে ২৯৫ গ্রাম হেরোইনসহ প্রথমে গ্রেপ্তার হন তসিকুল। জিজ্ঞসাবাদে তিনি জসিমের নিকট থেকে হেরোইন ক্রয়ের কথা জানালে জসিমের বাড়ি থেকে ২০৯ গ্রাম হেরাইনসহ গ্রেপ্তার হন জসিম। গ্রেপ্তারদের সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়,গত বৃহস্পতিবার(৮ জানুয়ারী) দুপুর ১টার দিকে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে আজম আলী আজমের(৫৫) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনি পালিয়ে গেলেও বাড়ি থেকে গাঁজার গাছ ও  ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ হয়। আজম ওই গ্রামের মৃত ফারাজ আলীর ছেলে।  বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। 


এ জাতীয় আরো খবর