মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬

বাংলাদেশের ভোটে ইইউর নজরদারি: ২০০ পর্যবেক্ষক মাঠে নামছে,নির্বাচনকে দেখছে ‘ঐতিহাসিক’ হিসেবে

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০৮ ২২:৫২:৫৮
ছবি: সংগৃহীত।

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০০ সদস্যের একটি শক্তিশালী পর্যবেক্ষক দল মোতায়েন করবে বলে জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভারস আইজাবস। তিনি জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে মূল্যায়ন করতেই এই বড় প্রতিনিধিদল কাজ করবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ইইউর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ডিসেম্বরের শেষ দিক থেকেই বাংলাদেশে সক্রিয় রয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরাও তাদের সঙ্গে যুক্ত হবেন। নির্বাচনের সময় ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ মোট ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন।
ড. আইজাবস বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও কমিশন বিষয়টি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারবে বলে ইইউ আশাবাদী। তিনি জানান, কমিশন তাদের এই চ্যালেঞ্জের কথা অবহিত করেছে এবং প্রস্তুতির বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে।
ইইউ মিশনের প্রধান পর্যবেক্ষক আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে নির্বাচন পর্যবেক্ষণ করবে। তার ভাষায়, বাংলাদেশ ইইউর একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং এখানকার গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবারের নির্বাচনকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কী-ওয়ার্ডস:ইইউ নির্বাচন পর্যবেক্ষক, বাংলাদেশ জাতীয় নির্বাচন, ইউরোপীয় ইউনিয়ন


এ জাতীয় আরো খবর