সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

মো হা ম্ম দ ই ম ন মি জি

  • শীত ভোরের উপাখ্যান
  • ২০২৬-০১-০৮ ১০:৩৬:৩১

​মাঠের পরে মাঠ জুড়ে আজ হলুদের সমারোহ,
সরষে ফুলের মায়ায় কাটে চোখের সব মোহ।
কুয়াশাভেজা শিশির কণা মুক্তো হয়ে ঝরে,
ফুলের শরীর ভিজে ওঠে আলতো আদরে।

​ফজরের ওই নামাজ শেষে যখন দিই পাড়ি,
দেখি ভোরের স্তব্ধতা সব দিচ্ছে কেমন আড়ি।
কাকা-বাবুরা দল বেঁধে সব করছেন ব্যায়াম,
দীর্ঘ শীতের ভোরে যেন ব্যস্ত এক আঞ্জাম।

​খুঁটির মাথায়, তারের গায় পাখির আনাগোনা,
কুয়াশা মাখা ডানায় তাদের রোদের আলপনা।
রসের গন্ধে মাতাল হাওয়া বন থেকে আজ টানে,
রসপ্রিয় সব পাখিরা ফেরে শীতের নিমন্ত্রণে।

​গাছের গায়ে মাটির হাঁড়ি, খেজুর রসের ঘ্রাণ,
ঠোঁট ডুবিয়ে তৃপ্তি খোঁজে পাখির চপল প্রাণ।
প্রকৃতি তার অকৃপণ এই সুধা বিলিয়ে দেয়,
শীতের সকাল এমন করেই মনটা কেড়ে নেয়।


এ জাতীয় আরো খবর